নতুন সদর দপ্তরের ফলক উন্মোচন করলেন সালাহউদ্দিন আহমেদ। ছবি : সৌজন্যে
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আরও আধুনিক ও কার্যকর করতে বিদ্যমান তিনটি আইন একীভূত করে একটি সমন্বিত ‘আনসার বাহিনী আইন’ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে আনসার বাহিনী পরিচালনায় তিনটি পৃথক আইন রয়েছে। এগুলো হলো—১৯৯৫ সালের আনসার বাহিনী আইন, ২০২৩ সালের আনসার ব্যাটালিয়ন আইন এবং ১৯৯৫ সালের গ্রাম প্রতিরক্ষা দল আইন। তিনটি আইনকে সমন্বয় করে একটি আধুনিক ও যুগোপযোগী আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে আনসার বাহিনী প্রধান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী ‘অগ্রযাত্রা ভবন’, ‘প্রান্তিক সংযোগ’, ‘প্রান্তিক শক্তি’ এবং ‘ভ্রাম্যমাণ আইটি প্রশিক্ষণ কেন্দ্র’ উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, দেশের নিরাপত্তা ও অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষায় আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাহিনীর সক্ষমতা বাড়াতে আধুনিক প্রশিক্ষণ, প্রযুক্তির ব্যবহার এবং সদস্যদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
তেজগাঁওয়ে আনসার-ভিডিপির নতুন সদর দপ্তর নির্মাণের উদ্যোগের কথাও তুলে ধরে তিনি বলেন, নতুন সদর দপ্তর আধুনিক প্রশাসনিক ও অপারেশনাল কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।