পাবনার সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি ক্ষ্যাপা শিয়ালের হামলায় নারী ও শিশুসহ ১১ জন আহত হয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে সাঁথিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শালঘর ও সাতবিলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শালঘর এলাকায় রফিকের বাড়ির পাশে পুকুরপাড়ে বেঁধে রাখা একটি ছাগলকে প্রথমে শিয়ালটি আক্রমণ করে। পরে এটি একে একে বিভিন্ন বাড়িতে ঢুকে কয়েকজনকে কামড়ে আহত করে।
আহত এক শিশু
আহতদের মধ্যে শালঘর এলাকার জুবাইদা (৪), মংলা খাতুন (৭০), আলেয়া (২৫), ওয়াজ কুরুনি (৭), শাহিদা (৫০) ও সোনিয়া (১৪) রয়েছেন।
এদিকে গৌরীগ্রাম ইউনিয়নের সাতবিলা গ্রামের সিনহা (৩), লাকি (৩০), বায়জিদ (৬), রেহেনা (৪২) ও সামসুর (২২) শিয়ালের হামলায় আহত হন।
পরে স্থানীয়রা বিকেল সাড়ে ৫টার দিকে একটি ঝোপ থেকে শিয়ালটিকে ধরে পিটিয়ে মেরে ফেলেন।
সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহফুজ আলী জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। জলাতঙ্ক প্রতিরোধে তাদের ভ্যাকসিনও দেওয়া হয়েছে।