পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যালয় চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে অন্তত ৫০ জন শিক্ষার্থী।
বুধবার (১ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের এমইউ মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে গুরুতর অবস্থায় ২০ জনকে বিকেল সাড়ে ৩টার দিকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসা দিতে গিয়ে আয়া মোর্শেদা বেগম (৪০) নিজেও অসুস্থ হয়ে পড়েন।
শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে প্রথমে সানজিদা নামের এক শিক্ষার্থীর হাত-পা ঝিনঝিন করা, পেটব্যথা ও শ্বাসকষ্ট দেখা দেয়। পরে একে একে একই ধরনের উপসর্গ নিয়ে অন্তত ৫০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। অসুস্থদের অধিকাংশই মেয়ে শিক্ষার্থী।
এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইরফান মিয়া বলেন, একের পর এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ায় তাদের কলাপাড়া হাসপাতালে নেওয়া হয়। কয়েকজনকে আমতলী হাসপাতালে পাঠানো হয়েছে।
কলাপাড়া হাসপাতালের মেডিকেল অফিসার মো. আব্দুল মালেক মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিক্ষার্থীরা মাস সাইকোজেনিক হাইপারভেন্টিলেশন (Mass Psychogenic Hyperventilation)-এ আক্রান্ত হয়েছে। তবে সবাই শঙ্কামুক্ত রয়েছে।
এফপি/র