সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সরাইল রিজিয়নের ১৩টি ব্যাটালিয়নের অভিযানে গত নয় মাসে প্রায় ৯৩১ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য চোরাই পণ্য জব্দ করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সরাইল রিজিয়নের ১৩টি ব্যাটালিয়নের পক্ষে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।
বিজিবি জানায়, সরাইল রিজিয়নের দায়িত্বপূর্ণ ১ হাজার ২০৪ কিলোমিটার সীমান্ত এলাকায় থাকা ২১১টি বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) এর মাধ্যমে গত নয় মাসে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ১১টি পিস্তল, ৭টি এয়ারগান, ৫টি পাইপগান, ৬২ রাউন্ড কার্তুজ, ১৯ কেজি উচ্চ বিস্ফোরক, ১১৭টি ডেটোনেটর এবং ৩০ মিটার ডেটোনেটর তার জব্দ করা হয়েছে।
এ ছাড়া অভিযানে ৩ লাখ ১২ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৩ হাজার ৮০০ কেজি গাঁজাসহ বিপুল পরিমাণ বিদেশি মদ, বিয়ার, ফেনসিডিল ও যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করা হয়।
বিজিবির তথ্যমতে, এসব অভিযানে মোট ৩০৫ জন আসামিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
এফপি/স