নগরীর বন্দর থানার গোসাইলডাঙ্গা এলাকায় মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যার দায়ে ছেলে সুমিত চৌধুরী প্রকাশ বিভুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত মহানগর পঞ্চম দায়রা জজ মো. তাজউল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে আদালত আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
দণ্ডপ্রাপ্ত সুমিত চৌধুরী (৩১) সাতকানিয়া উপজেলার আমিলাইষ এলাকার মধু চৌধুরী বাড়ির সুখময় চৌধুরীর ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৭ সেপ্টেম্বর দুপুরে নগরীর গোসাইলডাঙ্গার সাসটেইন টাওয়ারের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে কুমকুম চৌধুরীকে ধারালো দা দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়।
ঘটনার দিন নিহতের বড় ছেলে সোমনাথ চৌধুরী প্রকাশ সুজন বাসায় ফিরে দীর্ঘক্ষণ দরজায় ধাক্কা দেন। পরে সুমিত দরজা খুলে দিলে তিনি ঘরের ভেতরে গিয়ে মাকে শয়নকক্ষে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
এ সময় সুমিতের ঘাড়েও আঘাতের চিহ্ন ছিল। পরে তিনি তার ভাইকে জানান, তিনি মাকে হত্যা করেছেন এবং নিজেও দা দিয়ে নিজের ঘাড়ে আঘাত করেছেন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মামলার পর ২০১৭ সালের ২৩ জুলাই সুমিতের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।
আদালতের বেঞ্চ সহকারী এস এম কাওসার সাগর জানান, ১১ জন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণ পর্যালোচনায় হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত সুমিত চৌধুরী প্রকাশ বিভুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
এফপি/অ