Dhaka, Tuesday | 29 September 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 29 September 2026 | English
শিরোনাম:

৫ মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, ধর্ষণের অভিযোগে বৃদ্ধের বিরুদ্ধে মামলা

প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৪ পিএম আপডেট: ২৯.০৯.২০২৬ ৩:১৯ পিএম  (ভিজিটর : ৮৬)
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কুড়িগ্রামের চিলমারীতে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে (৫৫) বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। পরিবারের অভিযোগ, ঘটনার পর ভয়ভীতি দেখিয়ে বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হয়। সম্প্রতি স্বাস্থ্য পরীক্ষায় কিশোরীর পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি ধরা পড়লে পরিবারের পক্ষ থেকে আইনের আশ্রয় নেওয়া হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেন ঢ়ুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চিলমারী উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের ডাটিয়ারচর পুরাতন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মতিবর ফকির একই এলাকার বাসিন্দা।

ঘটনার বিবরণে জানা যায়, পাঁচ মাস আগে একটি কাজে পরশি মতিবর ফকিরের বাড়িতে যায় ওই কিশোরী। পরিবারের কেউ না থাকার সুযোগে মতিবর ফকির তাকে জাপটে ধরে মুখ চেপে ঘরের ভেতরে নিয়ে যান এবং জোরপূর্বক ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে ক্ষতি করার ভয় দেখানো হয় বলেও অভিযোগ কিশোরীর। ভয়ে ও লোকলজ্জায় এতদিন বিষয়টি গোপন রাখে।

সম্প্রতি কিশোরীর শারীরিক পরিবর্তন লক্ষ্য করেন পরিবারের সদস্যরা। পরে তাকে হাসপাতালে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানো হলে চিকিৎসকেরা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এরপর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়।

ভুক্তভোগী কিশোরীর পরিবারের অভিযোগ, ঘটনাটি জানাজানি হওয়ার পর অভিযুক্তের ছেলে হাফিজুর রহমান জাতীয়তবাদী মৎসজীবী দলের ইউনিয়ন সভাপতি হওয়ার প্রভাব কাজে লাগিয়ে ভয়ভীতি দেখান। কিশোরী ও তাঁর পরিবারের সদস্যদের রৌমারীতে নিয়ে গিয়ে বিষয়টি মীমাংসার মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ। একই সঙ্গে আইনি ব্যবস্থা না নিতে পরিবারের ওপর চাপ সৃষ্টি করা হয় বলে দাবি স্বজনদের।

ভুক্তভোগী কিশোরীর মামা বলেন,‘আমরা মূল অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পাশাপাশি যারা ঘটনাটি ধামাচাপা দিতে এবং বিচারপ্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে চেয়েছে, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।’

অভিযোগের বিষয়ে অভিযুক্ত মতিবর ফকিরের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্তের ছেলে ও জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ইউনিয়ন সভাপতি হাফিজুর রহমান বলেন, ‘তাঁর বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য নয়। তিনি এ ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন।’

ঢ়ুষমারা থানার ওসি এম আর সাঈদ বলেন,‘ধর্ষণের ঘটনায় মামলা নথিভুক্ত করা হয়েছে। ভুক্তভোগীর মেডিকেল রিপোর্ট পাওয়া গেছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

এফপি/স

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝