Dhaka, Wednesday | 30 September 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 30 September 2026 | English
শিরোনাম:

নাটোর ও রাজধানীর মিটফোর্ড হাসপাতালে আনসারের তৎপরতায় নিখোঁজ ২ শিশু উদ্ধার

প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৭ পিএম  (ভিজিটর : ১১)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নাটোরের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে আনসার সদস্যদের তৎপরতায় পৃথক ঘটনায় নিখোঁজ দুই শিশুকে উদ্ধার করা হয়েছে।

বড়াইগ্রামে নিখোঁজ শিশুকে উদ্ধার

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিখোঁজ হয় পাঁচ বছর বয়সী শিশু তানজিদ। শিশুটির মা কর্তব্যরত আনসার সদস্যদের কাছে এসে সন্তান হারিয়ে যাওয়ার বিষয়টি জানালে তারা তাৎক্ষণিকভাবে হাসপাতালজুড়ে অনুসন্ধান শুরু করেন।

নিখোঁজের অল্প সময়ের মধ্যেই হাসপাতালের দ্বিতীয় তলার একটি অংশ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন এপিসি মো. আব্দুল ওয়াদুদ হোসেন। তাকে সহযোগিতা করেন আনসার সদস্য মো. আমিরুল ইসলাম ও মো. হাসান আলী।

যথাযথ যাচাই-বাছাই শেষে শিশুটিকে তার মায়ের কাছে নিরাপদে ফিরিয়ে দেওয়া হয়।

মিটফোর্ডে শিশুকে পরিবারের কাছে হস্তান্তর

অন্যদিকে, প্রায় একই সময়ে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে পাঁচ বছর বয়সী শিশু মো. আলীকে কান্নারত অবস্থায় দেখতে পান ডিউটিরত আনসার সদস্য কাজী মতিন ও নারী আনসার সদস্য রেহেনা পারভিন।

তারা শিশুটিকে নিজেদের হেফাজতে নিয়ে মিটফোর্ড হাসপাতালের আনসার ক্যাম্পে নিয়ে যান। পরে শিশুটির পরিবারের সন্ধানে প্রায় এক ঘণ্টা হাসপাতাল এলাকায় মাইকিং করে অনুসন্ধান চালানো হয়।

একপর্যায়ে হাসপাতালের ২ নম্বর ভবনের বহির্বিভাগ থেকে শিশুটির বোন সুমাইয়া আক্তারকে খুঁজে পাওয়া যায়। পরে তাকে শিশুটির কাছে নিয়ে আসা হলে আলী তার বোনকে শনাক্ত করে।

হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে শিশু আলীকে তার বোনের কাছে হস্তান্তর করা হয়।

সরকারি হাসপাতালগুলোতে নিরাপত্তা রক্ষার পাশাপাশি নিখোঁজ শিশু উদ্ধারে আনসার সদস্যদের এমন দায়িত্বশীল ও মানবিক ভূমিকা উপস্থিত সেবাগ্রহীতাদের প্রশংসা কুড়িয়েছে।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝