প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৫:৩০ পিএম (ভিজিটর : ২৩)
সংগৃহীত ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট প্রাণহানি এক হাজার ১১৪ জনে দাঁড়াল। এছাড়া গত একদিনে নতুন করে এক হাজার ২৪২ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।
শুক্রবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরে প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় শুধু ঢাকা বিভাগে হাম উপসর্গ নিয়ে ৩ জন মারা গেছেন। এ সময়ে ঢাকা বিভাগেই নিশ্চিত হামে আরও একজনের প্রাণহানি হয়েছে। সবমিলিয়ে দেশজুড়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট এক হাজার ১১৪ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে নিশ্চিত হামে ১০২ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১২ জনের মৃত্যু হয়েছে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশে এক লাখ ৯৪ হাজার ৮৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে মোট ২১ হাজার ৬২৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
এদিকে, একই সময়ের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন এক লাখ ৭২ হাজার ২১ জন। তাদের মধ্যে এখন পর্যন্ত এক লাখ ৬৬ হাজার ৯৩৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।