ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২ হাজার ৪০৫ সদস্য। ভোটারদের নিরাপদে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি প্রবীণ ও অসুস্থ ভোটারদের কেন্দ্রে যাতায়াতেও সহায়তা করেছেন বাহিনীর সদস্যরা।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে ঠাকুরগাঁও-১ আসনের ১৮৫টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করেন। তাঁদের দায়িত্বের মধ্যে ছিল ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং ভোটারদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া।
নির্বাচনী এলাকার নিরাপত্তা জোরদার করতে আনসার ব্যাটালিয়নের ১০টি বিশেষ স্ট্রাইকিং টিম মোতায়েন করা হয়। এসব দল কুইক রেসপন্স টিম হিসেবে এলাকায় টহল দেয়। পাশাপাশি ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত সদস্যদের কার্যক্রম তদারকি করেন।
নির্বাচনী কার্যক্রম তদারকিতে দায়িত্ব পালন করেন আনসার-ভিডিপির রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, পরিচালক সফিকুল আলম, সফিপুর আনসার ব্যাটালিয়নের পরিচালক বিকাশ কুমার, ঠাকুরগাঁও আনসার ব্যাটালিয়নের উপপরিচালক মেহেনাজ তাবাসসুম রেবিন এবং ঠাকুরগাঁও জেলা কমান্ড্যান্ট নজরুল ইসলাম ভূঁইয়া। এ ছাড়া একাডেমিতে প্রশিক্ষণরত ৪৪তম বিসিএসের ১২ জন সহকারী পরিচালকও দায়িত্ব পালনে যুক্ত ছিলেন।
বিকেল ৪টায় নির্ধারিত সময় অনুযায়ী ভোটগ্রহণ শেষ হওয়ার পর ভোট গণনা শুরু হয়। ভোট গণনা, নির্বাচনী সরঞ্জাম ও ব্যালট বাক্সের নিরাপত্তা এবং প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালনে আনসার-ভিডিপি সদস্যদের নিয়োজিত রাখার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নিশ্চিত করা হবে।
এফপি/মিব