ব্রাহ্মণবাড়িয়ার নবাগত পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিম (পিপিএম-সেবা) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন। সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা।
সভায় পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিম বলেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব একটি সুসংগঠিত সংগঠন। এ সংগঠনকে দেখে অন্য সংগঠনগুলোরও শেখার আছে। কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে শিগগিরই কার্যক্রম শুরু করা হবে। পাশাপাশি নম্বরবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান চালানো হবে। এসব মোটরসাইকেল ব্যবহার করে বিভিন্ন অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, মাদক একটি গুরুতর সামাজিক সমস্যা। মাদকসেবী থেকে শুরু করে মাদক কারবারি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত মূল হোতাদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করবে। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
বিট পুলিশিং কার্যক্রম সম্পর্কে পুলিশ সুপার বলেন, স্থানীয় জনগণের সম্পৃক্ততা বাড়িয়ে বিট পুলিশিং কার্যক্রম পরিচালনা করা হবে। ‘দুষ্টের দমন, শিষ্টের পালন’ নীতি অনুসরণ করে পুলিশ কাজ করবে। এ কার্যক্রমে সাংবাদিকদেরও অংশগ্রহণ ও সহযোগিতা থাকবে।
ব্রাহ্মণবাড়িয়া শহরের যানজট নিরসনের বিষয়ে তিনি বলেন, শহরের সড়কব্যবস্থা ও যান চলাচলের সমস্যা বিবেচনায় সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
এ সময় পুলিশ সুপার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য তুলে ধরার আহ্বান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সাঈদ মো. গাওছাল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম রকীব উর রাজাসহ ব্রাহ্মণবাড়িয়া জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা।
এফপি/মিব