প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩২ পিএম (ভিজিটর : ১৩২)
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সকল পর্যায়ে একক প্রার্থী মনোনয়ন দেবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
শনিবার সকালে নাটোর জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক দোয়া মাহফিল এবং নলডাঙ্গার মাধনগর ডিগ্রি কলেজের ভবন ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হুইপ দুলু স্পষ্ট জানান, স্থানীয় নির্বাচনে বিএনপি থেকে একের অধিক প্রার্থী হওয়ার কোনো সুযোগ থাকবে না। জনপ্রিয়তার ভিত্তিতে একক প্রার্থী বাছাই করা হবে। ত্যাগী নেতাদের মূল্যায়ন করে দলীয় বিভিন্ন পদে পদায়ন করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
রাজনৈতিক সতর্কবার্তা দিয়ে দুলু বলেন, জামায়াতে ইসলামীর নারী কর্মীরা সুকৌশলে বিভিন্ন বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছে। এ বিষয়ে বিএনপি নেতাকর্মী ও সমর্থক পরিবারগুলোকে সজাগ থাকতে হবে। এছাড়া বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, বিগত ১৭ বছরে আওয়ামী লীগ ষড়যন্ত্রের মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে। সেই সংকট কাটিয়ে উঠতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ নিশ্চিত করেছে।
জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, পৌর সাবেক মেয়র কাজী শাহ আলমসহ অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।