ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭০০ গ্রাম গাঁজা ও ১৩ লিটার ৪০০ মিলিলিটার ভারতীয় মদসহ মো. জমশেদ মিয়া (৫৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার জমশেদ মিয়া কায়েমপুর ইউনিয়নের রাউৎখলা গ্রামের মৃত কুটু মিয়ার ছেলে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কায়েমপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রাউৎখলা এলাকায় এ অভিযান চালানো হয়।
কসবা থানার এসআই (নিরস্ত্র) সাগর হাওলাদার সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, রাউৎখলা গ্রামের জমশেদ মিয়ার বসতবাড়ির পশ্চিম পাশে টিনের বেড়া ও দোচালা টিনশেড গোয়ালঘরে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে তার হেফাজত থেকে ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে ১৬টি পৃথক টিনের ছিপিযুক্ত কাঁচের বোতলে থাকা ‘নাইন থাউস্যান্ড স্ট্রং বিয়ার’ এবং পৃথক লাল রঙের টিনের ক্যানে থাকা ‘কিংফিশার স্ট্রং প্রিমিয়ার বিয়ার’ নামের ছয়টি ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের মোট পরিমাণ ১৩ লিটার ৪০০ মিলিলিটার।
এসআই সাগর হাওলাদার জানান, বিধি মোতাবেক জব্দ তালিকা তৈরি করে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।