তিনি জানান, শুক্রবার মধ্যরাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর থানাধীন পশ্চিম ইলিশা এলাকায় মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড বেইস ভোলা। এ সময় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে চারটি ড্রেজার ও একটি বাল্কহেডসহ আটজন বালু উত্তোলনকারীকে আটক করা হয়।
পরে ভোলার নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালত ড্রেজার ও বাল্কহেডের মালিকদের মোট দুই লাখ টাকা জরিমানা করেন। একই সঙ্গে সাতজন বালু উত্তোলনকারীকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আটকদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। আটক ড্রেজার ও বাল্কহেডের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীভাঙন ও পরিবেশের ক্ষতির পাশাপাশি নদীতীরবর্তী মানুষের ফসলি জমি ও বসতভিটা হুমকির মুখে পড়ে। এসব ক্ষতি রোধে এবং বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।