প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৭:৩৬ পিএম (ভিজিটর : ১৫)
সংগৃহীত ছবি
খুলনার পাইকগাছায় পৃথক অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ও নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদকসহ আটক দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলার কৈয়া বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা যায়, এসআই তুষার রায়হান কৈয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার আসামি সাকিব গাজী (২০)কে গ্রেপ্তার করেন। তিনি সাতক্ষীরার পাটকেলঘাটা থানার দক্ষিণ সারসা এলাকার খায়রুল গাজীর ছেলে।
অন্যদিকে, এসআই একরামুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে লস্কর ইউনিয়নের আলমতলা এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ জাহাঙ্গীর আলম (৩৭) ও আজাহারুল মালী (১৯)কে আটক করেন। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে তিন দিন করে কারাদণ্ড দেন।
এ ছাড়া পুলিশের পৃথক অভিযানে আরও একজন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক, জুয়া, কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।