মিয়ানমারের রাখাইন রাজ্যের অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে মো. হামিদ হোসেন সুন্দরী (৪০) নামে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন বলে পরিবার সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উখিয়ার পালংখালী সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। আহত হামিদ হোসেন উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা শিবিরের সি-২৭ ব্লকের বাসিন্দা। তিনি মৃত কালাম হোসেনের ছেলে।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জানান, পালংখালী সীমান্তের বিআরএম-১৯ নম্বর পিলার থেকে প্রায় দুই কিলোমিটার উত্তরে এবং শূন্যরেখা থেকে ২৫০ গজ পশ্চিমে মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণ ঘটে। এতে হামিদ আহত হয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।
তিনি আরও জানান, বিজিবি ও স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে পাঠানো হয়েছে। সীমান্তে নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চোরাচালানের উদ্দেশ্যে কিছু রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিক সীমান্ত পেরিয়ে মিয়ানমারের অভ্যন্তরে যাতায়াত করেন। এ সময় স্থলমাইন বিস্ফোরণে হতাহতের ঘটনাও ঘটেছে।