অনুমোদিত স্থান ছাড়া সড়ক ও ফুটপাত দখল করে হকার বসলে উচ্ছেদের পাশাপাশি তাদের মালামাল ক্রোক এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেছেন, সিটি করপোরেশন কর্তৃক নির্ধারিত ও অনুমোদিত স্থান ছাড়া রাজধানীর কোথাও হকার বসতে দেওয়া হবে না।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর ধলপুর এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা, সড়ক থেকে অবৈধ দখল উচ্ছেদ ও জনভোগান্তির বিষয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, হকারদের জন্য নির্দিষ্ট কিছু ফুটপাত ও স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর বাইরে জিরো পয়েন্ট থেকে সদরঘাটের মূল সড়কসহ কোনো ফুটপাতে অবৈধভাবে হকার বসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, রাজধানীর সব হকারকে শৃঙ্খলার মধ্যে আসতে হবে এবং সিটি করপোরেশনে নিবন্ধিত হতে হবে। নিবন্ধন ছাড়া ঢাকার কোথাও কোনো হকার বসতে পারবেন না। উচ্ছেদের পর আবারও ফুটপাত দখল করলে এবার উচ্ছেদের পাশাপাশি মালামাল জব্দ করে সরাসরি মামলা করা হবে।
হকারদের নোটিশ দেওয়া ও পুনর্বাসনের বিষয়ে মো. আবদুস সালাম বলেন, দফায় দফায় হকার নেতাদের সঙ্গে বৈঠক করেই সরকার সিদ্ধান্ত নিয়েছে। ফলে নতুন করে নোটিশ দেওয়ার কোনো বিষয় নেই।
পুনর্বাসনের বিষয়ে তিনি বলেন, ঢাকার যেসব নাগরিক সিটি করপোরেশনকে কর প্রদান করেন, তারা কী চান—সেই বিষয়টি সামনে রেখে বিষয়টি দেখতে হবে।
এদিকে পরিদর্শনকালে ডিএসসিসির আঞ্চলিক কার্যালয়-৫-এর প্রবেশপথে ঢাকা ওয়াসার দীর্ঘসূত্রতার কারণে সৃষ্ট জনভোগান্তি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন প্রশাসক। তিনি বলেন, ওয়াসার কাজের কারণে প্রতিদিন সেবা নিতে আসা হাজার হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
ওয়াসাসহ অন্যান্য সেবামূলক সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যে সমন্বিতভাবে রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
দীর্ঘদিনের এসব সমস্যার স্থায়ী সমাধানের বিষয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, সেবামূলক সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে প্রতি ১৫ দিন পরপর নিয়মিত বৈঠক হচ্ছে। ওয়াসা, সিটি করপোরেশন, টিঅ্যান্ডটি ও বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে নিয়ে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।
এফপি/অ