প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৭:১৪ পিএম (ভিজিটর : ৬)
সংগৃহীত ছবি
পাবনার সাঁথিয়ায় ভিমরুলের কামড়ে রোহান হোসেন (৩) ও আরাফাত হোসেন (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের গয়েশবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রোহান ওই গ্রামের নয়ন হোসেনের ছেলে এবং আরাফাত একই এলাকার সুজন হোসেনের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশে বাগানে খেলছিল রোহান ও আরাফাত। এ সময় তারা পাটকাঠি দিয়ে ভিমরুলের মাটির বাসায় আঘাত করলে ভিমরুলের ঝাঁক তাদের আক্রমণ করে। শিশুদের চিৎকার শুনে একজনের মা এগিয়ে এলে তাকেও ভিমরুল আক্রমণ করে।
পরে আহত শিশু দুটিকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৩০ সেপ্টেম্বর) তাদের মৃত্যু হয়।
এ ঘটনায় আহত এক শিশুর মা গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।