প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৭:২২ পিএম (ভিজিটর : ৮)
সংগৃহীত ছবি
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া দুই শিশু আবু ইউনুস আবিনুর (৯) ও নিরবের (১০) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১টার দিকে আবিনুরের এবং বিকেল ৪টার দিকে নিরবের লাশ উদ্ধার করা হয়।
এর আগে বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে তুরাগ নদে মাছ ধরতে গিয়ে প্রবল স্রোতে তলিয়ে নিখোঁজ হয় দুই শিশু। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। তবে আলোকস্বল্পতা ও তীব্র স্রোতের কারণে সন্ধ্যার পর অভিযান স্থগিত করা হয়।
বৃহস্পতিবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হয়। দুপুর ১টার দিকে আবিনুরের লাশ উদ্ধার করা হয়। পরে বিকেল ৪টার দিকে রেলওয়ে ব্রিজ থেকে প্রায় ২০০ গজ দূরে জোড়াখাম্বা এলাকা থেকে নিরবের লাশ উদ্ধার করা হয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুই শিশুর লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
দুই শিশুর লাশ উদ্ধারের পর পূর্ব আরিচপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ।