Dhaka, Wednesday | 21 October 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 21 October 2026 | English
শিরোনাম:

২৫ অক্টোবর রিয়াদ রুটে বিমানের ফ্লাইট

বৃহস্পতিবার থেকে দাম্মামের ফ্লাইট শুরু

প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৯:২৪ পিএম  (ভিজিটর : ৭)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম রুটে আবারও ফ্লাইট পরিচালনা শুরু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ২৫ অক্টোবর রিয়াদ রুটে একটি ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি। এর আগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু হবে। বুধবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৫ অক্টোবর দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিয়াদের উদ্দেশে বিমানের একটি ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা রয়েছে। সৌদি আরবের বিমানবন্দর গুলোতে হামলাজনিত পরিস্থিতির উন্নতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে রিয়াদ রুটে পরবর্তী ফ্লাইট পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বৃহস্পতিবার থেকে দাম্মাম রুটে ফ্লাইট
বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, ২২ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ফ্লাইট পরিচালনা করা হবে। এসব ফ্লাইটে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ব্যবহার করা হবে।

এদিকে, জেদ্দা রুটে ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে। ২২ অক্টোবর ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। এ ছাড়া ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে একটি করে ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

অন্যদিকে, মদিনা রুটে বিমানের ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। এ রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ রুটের ফ্লাইটের সময়সূচি অপরিবর্তিত থাকবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে টিকিট কেনা, বুকিং ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

এর আগে, সৌদি আরবের বিমানবন্দর গুলোতে হামলার পর সৃষ্ট পরিস্থিতিতে ঢাকা থেকে রিয়াদগামী বিমানের একটি ফ্লাইট ১০ অক্টোবর বাতিল করা হয়। পরে দাম্মাম রুটের ফ্লাইট চলাচলও স্থগিত করা হয়েছিল। পরিস্থিতি পর্যালোচনার পর এবার রিয়াদ ও দাম্মাম রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝