উৎসবমুখর পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নাটোরে উদ্যাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের শেষ দিন বিজয়া দশমী। বুধবার (২১ অক্টোবর) সকালে দশমীর পূজা ও অপরাজিতা পূজা শেষে জেলার বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে শুরু হয় সনাতন ধর্মাবলম্বী নারীদের ঐতিহ্যবাহী সিঁদুর খেলা।
সকাল ৯টার মধ্যে দশমীর পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপর মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গার চরণে সিঁদুর অর্পণ করেন বিবাহিত নারীরা। পরে দেবীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়ে তাঁরা প্রার্থনা করেন পরিবারের সুখ, শান্তি ও মঙ্গল কামনায়।
দেবীকে বিদায় জানানোর আগে নারীরা একে অপরের সিঁথি, গাল ও মুখে সিঁদুর মাখিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দেবীর চরণে সিঁদুর অর্পণ ও সিঁদুর খেলায় অংশ নেওয়ার মধ্য দিয়ে দাম্পত্য জীবন ও পরিবারের কল্যাণ কামনা করা হয়।
সিঁদুর খেলাকে ঘিরে পূজামণ্ডপগুলোতে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশের। ঢাকের বাদ্য ও ভক্তিমূলক গানের তালে তালে আনন্দে মেতে ওঠেন নারীরা। তাঁদের সঙ্গে উৎসবে যোগ দেয় শিশুরাও। সিঁদুর খেলা, হাসি-আনন্দ ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে মণ্ডপগুলোতে ছড়িয়ে পড়ে উৎসবের আবহ।
বিকেলে প্রতিমা বিসর্জন
পূজা উদ্যাপন কমিটি সূত্রে জানা গেছে, বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শেষে বুধবার বিকেল থেকে শুরু হবে প্রতিমা নিয়ে বর্ণাঢ্য বিজয়া শোভাযাত্রা। শহরের বিভিন্ন পূজামণ্ডপ থেকে প্রতিমা নিয়ে শোভাযাত্রাটি জয় কালী দীঘিতে গিয়ে শেষ হবে। সেখানে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এ বছরের শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে।
দেবী দুর্গাকে বিদায় জানানোর মধ্য দিয়ে একদিকে যেমন পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে, অন্যদিকে বিজয়ার শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা নিয়ে ঘরে ফিরবেন ভক্তরা।
এফপি/মিব