Dhaka, Wednesday | 21 October 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 21 October 2026 | English
শিরোনাম:

বিয়ের ছয় দিনের মাথায় নববধূর মৃত্যু, আটক স্বামী-শাশুড়ি

প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১২:১৪ পিএম  (ভিজিটর : ৩২)

শেরপুরের নালিতাবাড়ীতে বিয়ের মাত্র ছয় দিনের মাথায় লিমা আক্তার (২০) নামে এক নববধূর মৃত্যু হয়েছে। তাঁকে নির্যাতন করে হত্যার অভিযোগ তুলেছেন স্বজনেরা।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী একরামুল (২২) ও শাশুড়ি ফরিদা বেগমকে (৫০) আটক করেছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) ভোররাতে উপজেলার রূপনারায়নকুড়া ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লিমা আক্তার হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের মাঝিয়াইল গ্রামের সাইদুল ইসলামের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক লাখ ৭০ হাজার টাকা দেনমোহরে একরামুলের সঙ্গে লিমার বিয়ে হয়। বিয়ের পর গত রোববার স্বামীর সঙ্গে বাবার বাড়িতে বেড়াতে যান লিমা। মঙ্গলবার বিকেলে তিনি শ্বশুরবাড়িতে ফিরে আসেন।

নিহতের স্বজনদের অভিযোগ, বাবার বাড়ি থেকে পাঠানো জিনিসপত্র পছন্দ না হওয়াকে কেন্দ্র করে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে লিমার মনোমালিন্য হয়। রাত ৩টার দিকে লিমার ভগ্নিপতিকে ফোন করে তিনি অসুস্থ বলে জানান একরামুল।

পরে ভোররাত ৪টার দিকে শ্বশুরবাড়ির লোকজন লিমাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ সময় তাঁর শরীরে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

লিমার স্বজনদের দাবি, জিনিসপত্র নিয়ে বিরোধের জেরে ঝগড়ার একপর্যায়ে তাঁকে শারীরিক নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

তবে নিহতের স্বামী একরামুলের দাবি, রাতে ঘুমানোর পর মাঝরাতে জেগে তিনি দরজা খোলা দেখতে পান। পরে বাইরে গিয়ে পাশের একটি সেমিপাকা ঘরের সানশেডে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় স্ত্রীকে দেখতে পান। এরপর তিনি নিজেই তাঁকে নামিয়ে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন।

নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফাহাদ রহমান জানান, হাসপাতালে আনার আগেই ওই নববধূর মৃত্যু হয়েছিল।

নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্বামী ও শাশুড়িকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শেরপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝