সৌদি আরবের বিমানবন্দরে হামলার পর নিরাপত্তাজনিত বিধিনিষেধের কারণে ঢাকা-সৌদি রুটে বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটেছে। বুধবার (২১ অক্টোবর) পর্যন্ত এ রুটে সরাসরি ও ট্রানজিট মিলিয়ে ১৩৪টি ফ্লাইট বাতিল ও স্থগিত হয়েছে। এতে ২০ হাজার ২৫৪ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সর্বশেষ তথ্য অনুযায়ী, বাতিল ও স্থগিত হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৬১টি সরাসরি এবং ৭৩টি ট্রানজিট ফ্লাইট। এ পরিস্থিতিতে বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইট সূচিতে বিঘ্ন ঘটছে এবং যাত্রীদের যাত্রা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বেবিচকের তথ্য অনুযায়ী, বিঘ্নিত ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২২টি, সৌদিয়া এয়ারলাইনসের ১৯টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, রিয়াদ এয়ারওয়েজের ১০টি এবং ইন্ডিগোর ২৮টি ফ্লাইট রয়েছে।
এ ছাড়া এমিরেটস এয়ারলাইনসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, সালামএয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৬টি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে।
ফ্লাইট চলাচলে এই বিঘ্নের কারণে বিপুলসংখ্যক যাত্রী দুর্ভোগে পড়েছেন। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তার পাশাপাশি অনেক যাত্রীকে বিকল্প ফ্লাইটের জন্য অপেক্ষা করতে হচ্ছে।
এদিকে, উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি বাতিল ও স্থগিত হওয়া ফ্লাইটগুলোর নতুন সময়সূচি নির্ধারণে কাজ করছে বেবিচক। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোর সঙ্গে সমন্বয় করা হচ্ছে বলে জানা গেছে।
যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা ও নতুন সময়সূচি জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
এফপি/মিব