Dhaka, Wednesday | 21 October 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 21 October 2026 | English
শিরোনাম:

কক্সবাজারের হিমছড়িতে সাগরে ডুবে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৮:৪৭ পিএম  (ভিজিটর : ৬)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কক্সবাজারের রামু উপজেলার হিমছড়ি পয়েন্টে সমুদ্রে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন নিখোঁজ রয়েছেন। বুধবার (২১ অক্টোবর) বিকেলে হিমছড়ির ম্যারিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ দুর্ঘটনা ঘটে।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান জানান, একদল পর্যটক সমুদ্রে গোসল করতে নামলে স্রোতের কবলে পড়ে ভেসে যান। এ সময় স্থানীয় লোকজন একজনকে জীবিত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। পরে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ দুজনকে উদ্ধারে তল্লাশি অভিযান চলছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ও নিখোঁজ পর্যটকদের নাম-পরিচয় এবং স্থায়ী ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের পুলিশ সুপার নিশাত এঞ্জেলা বলেন, তাঁরাও দুর্ঘটনার খবর পেয়েছেন। তবে এখনো নিহত ও নিখোঁজ ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বিস্তারিত তথ্য জানতে ট্যুরিস্ট পুলিশের একটি দল কাজ করছে। পরিচয় নিশ্চিত হলে গণমাধ্যমকে জানানো হবে।

এদিকে, গত ১৭ অক্টোবর সকালে মেরিন ড্রাইভের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত হওয়ার শোক কাটতে না কাটতেই হিমছড়িতে তিন পর্যটকের মৃত্যুর ঘটনা ঘটল। একই ঘটনায় আরও দুজন নিখোঁজ থাকায় পর্যটন এলাকায় নিরাপত্তা ও সমুদ্রে গোসলের সময় সতর্কতা অবলম্বনের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

সমুদ্রসৈকতে গোসলের সময় জোয়ার-ভাটা, ঢেউ ও প্রবল স্রোতের ঝুঁকি সম্পর্কে সচেতন থাকা এবং নিরাপত্তা কর্মীদের নির্দেশনা মেনে চলা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝