২০০৯ সালে খুলনার সোনাডাঙ্গা থানায় সংঘটিত চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জসিমকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬ ও এসআরবি-৭-এর যৌথ আভিযানিক দল। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৯টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার জসিমের বয়স ৫০ বছর। তাঁর বাবার নাম হোসেন আলী। তাঁর বাড়ি খুলনার সোনাডাঙ্গা থানার হাজী তমুজউদ্দীন সড়কের বাইলেনে।
এসআরবি ফোর্সেস সূত্রে জানা যায়, সোনাডাঙ্গা থানায় সংঘটিত চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলায় আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় জসিমকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছিল। রায় ঘোষণার পর থেকে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
এসআরবি ফোর্সেস আরও জানায়, নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তারের পর জসিমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রামের হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।
এফপি/মিব