নওগাঁর মান্দায় এক প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ দাবির অভিযোগে কালু মিয়া বেপারী (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ঝিনাইদহের মহেশপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একটি মুঠোফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার কালু মিয়া ঝিনাইদহের মহেশপুর থানার মান্দারতলা গ্রামের আহমদ আলীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর স্বামী দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় কর্মরত। একই প্রতিষ্ঠানে চাকরি করার সুবাদে তাঁর স্বামীর সঙ্গে কালু মিয়ার পরিচয় ও সুসম্পর্ক গড়ে ওঠে। সেই সূত্রে প্রায় এক বছর আগে কালু মিয়া সপরিবারে ওই নারীর বাড়িতে বেড়াতে আসেন। এ সময় কৌশলে তিনি ওই গৃহবধূর মুঠোফোন নম্বর সংগ্রহ করেন। এরপর থেকে তাঁদের মধ্যে ফোনে যোগাযোগ শুরু হয়।
এজাহারে অভিযোগ করা হয়, একপর্যায়ে কালু মিয়া ওই নারীকে আপত্তিকর ভিডিও কলে অংশ নিতে চাপ দেন। এতে রাজি না হওয়ায় তাঁর প্রবাসী স্বামীকে মালয়েশিয়ায় হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হয়। পরে ভয়ে ওই নারী ভিডিও কলে অংশ নিলে কৌশলে তা স্ক্রিন রেকর্ড করেন অভিযুক্ত ব্যক্তি।
পরবর্তী সময়ে ওই ভিডিও ও ছবি দেখিয়ে ভুক্তভোগীর কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন কালু মিয়া। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাঁর স্বজনদের কাছে সামাজিক যোগাযোগমাধ্যমে সেসব ভিডিও ও ছবি পাঠাতে শুরু করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে মান্দা থানায় মামলা করেন। গত ৩ নভেম্বর মামলাটি নথিভুক্ত করা হয়। সাইবার সুরক্ষা আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলাটি করা হয়েছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা দায়েরের পরপরই অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। পরে ঝিনাইদহের মহেশপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ঘটনার সঙ্গে ব্যবহৃত মুঠোফোনটি জব্দ করা হয়েছে। ওসি আরও জানান, গ্রেপ্তার আসামিকে শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হবে।
এফপি/মিব