কক্সবাজারের উখিয়ায় চাঞ্চল্যকর মানবপাচার ও হুমায়ুন হত্যা মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কোর্ট বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. ইসলাম ওরফে সাইফুল ইসলাম (২৮)। তিনি উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া গ্রামের সৈয়দ আহমদের ছেলে। মামলার এজাহারে তিনি চার নম্বর আসামি।
এসআরবি-১৫ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ব্যাটালিয়নের কক্সবাজার সিপিএসসির একটি দল কোর্ট বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় মামলার পলাতক আসামি মো. ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১৫ জানায়, মানবপাচার, হত্যা, মাদক ও অপহরণসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত থাকবে।
এফপি/মিব