Dhaka, Monday | 9 November 2026
         
English Edition
   
Epaper | Monday | 9 November 2026 | English
শিরোনাম:

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে ৭ জন নিহত

প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:৪৩ এএম  (ভিজিটর : ২৪)

মিশরের রাজধানী কায়রোর দক্ষিণে দুই ট্রেনের সংঘর্ষে ৭ জন নিহত এবং কমপক্ষে ১১২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই ট্রেনের কন্ডাক্টরও আছেন।

গতকাল রোববার এর দুর্ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে মিসরের প্রধান সরকারি কৌঁসুলির কার্যালয়।

পৃথক এক বিবৃতিতে দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, কায়রো থেকে প্রায় ৫২ কিলোমিটার দক্ষিণে গিজা প্রদেশের আল-আইয়াত জেলায় ঘটেছে এ দুর্ঘটনা। দুই ট্রেনের মধ্যে একটি দক্ষিণ-পশ্চিমের ফায়ুম প্রদেশের দিকে যাচ্ছিল, সেটির পেছনের অংশের সঙ্গে সংঘর্ষ হয় অপর ট্রেনটি। দ্বিতীয় ট্রেনটি দক্ষিণ দে আসওয়ান প্রদেশের উদ্দেশে রওনা হয়েছিল।

রোববার গভীর রাতে প্রধান সরকারি কৌঁসুলির কার্যালয় জানায় যে, তাদের তদন্তকারীরা দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন। কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে, একই লাইনে একই অভিমুখে চলতে থাকা কায়রো-আসওয়ান ট্রেনের শেষ বগির সঙ্গে গিজা-ফায়ুম ট্রেনের সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটেছে।

মিসরে ট্রেন লাইনচ্যুত হওয়া বা দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। দেশটির রেলওয়ে ব্যবস্থায় দীর্ঘদিনের অব্যবস্থাপনা এবং সরঞ্জামের দুর্বল রক্ষণাবেক্ষণের ইতিহাস রয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে সরকার রেল ব্যবস্থাকে উন্নত করার লক্ষ্যে আধুনিকায়নের উদ্যোগ ঘোষণা করেছে।

রোববারের দুর্ঘটনাটি যেখানে ঘটেছে, সেই আল-আইয়াত এলাকার কাফর গিরজা গ্রামের বাসিন্দা আইমান জামাল জানান, দুই ট্রেনের সংঘর্ষের পর স্থানীয় বাসিন্দারা দ্রুত দুর্ঘটনাস্থলে ছুটে আসেন, জীবিতদের উদ্ধার করেন এবং অ্যাম্বুলেন্স ডাকেন।

জামাল জানান, তিনি দেখেছেন প্রায় ৮০ জন আহত ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি আরও বলেন, স্থির অবস্থায় থাকা ট্রেনের একটি বগির ভেতরে কয়েকজন যাত্রী আটকা পড়েছিলেন; উদ্ধারের সময় দেখা যায় তারা মারা গেছেন।

প্রেসিডেন্ট আবদেল-ফাত্তাহ এল-সিসি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানিয়েছেন যে, তিনি এই দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং ইতোমধ্যে তা শুরুও হয়েছে।

মিসরীয় রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল ও ক্রেন পাঠানো হয়েছে, যাতে ধ্বংসাবশেষ সরিয়ে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করা যায়। গত সেপ্টেম্বরে একই জেলায় দুটি মালবাহী ট্রেনের সংঘর্ষে এক ট্রেন চালক ও তার সহকারী আহত হয়েছিলেন।

মিশরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনাটি ঘটেছিল ২০০২ সালে; কায়রো থেকে দক্ষিণ মিশরের দিকে যাওয়ার পথে একটি নৈশ ট্রেনে আগুন লেগে ৩০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝