ইসরায়েলের প্রধানমন্ত্রীর পদ যেন বেঞ্জামিন নেতানিয়াহুর স্থায়ী আসন হয়ে উঠেছিল। কিন্তু এবার সেই আসন হারানোর পরিস্থিতি তৈরি হয়েছে। নেতানিয়াহুকে সরিয়ে নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট।
রোববার (৮ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে আইজেনকটের হাতে সরকার গঠনের দায়িত্ব তুলে দেবেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। এর আগে শনিবার সন্ধ্যায় তাকে এ সিদ্ধান্তের কথা জানান প্রেসিডেন্ট।
গত ২৭ অক্টোবরের নির্বাচনে কোনো পক্ষই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইজেনকটের পক্ষে সরকার গঠনের সুপারিশ করেছেন পার্লামেন্টের ৬৭ জন সদস্য। অন্যদিকে, বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পক্ষে সুপারিশ করেছেন ৪৬ জন আইনপ্রণেতা। ফলে, সরকার গঠনের দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে এগিয়ে ছিলেন আইজেনকট।
সরকার গঠনের জন্য আইজেনকোট ২৮ দিন সময় পাবেন। তবে, নির্ধারিত সময়ে প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে না পারলে আরও ১৪ দিন সময় বাড়ানোর সুযোগ রয়েছে।
দেশটির পার্লামেন্ট নেসেটের মোট আসন ১২০টি। সরকার গঠনের জন্য অন্তত ৬১ জন আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন হবে আইজেনকটের।
নির্বাচনে আইজেনকটের চার দলের জোট ৪৮টি আসন পেয়েছে। নেতানিয়াহুর ডানপন্থি ও ধর্মীয় দলগুলোর জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে, আরব নেতৃত্বাধীন দলগুলো পেয়েছে রেকর্ড ১৯টি আসন।
তবে, আরব দলগুলোকে নিয়ে সরকার গঠন করতে চান না আইজেনকট। সে ক্ষেত্রে অতি রক্ষণশীল ইহুদি দল ইউনাইটেড তোরাহ জুডাইজম ও শাস পার্টির সমর্থন পেলে তার জোটের আসনসংখ্যা ৬১ হবে।
আল–জাজিরার প্রতিবেদক নূর ওদেহ বলেন, আইজেনকটের সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো পার্লামেন্টে আস্থা ভোটে জয়ী হওয়ার মতো সরকার গঠন করা।
একই সঙ্গে নির্বাচনি প্রতিশ্রুতি রক্ষা এবং নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থি বিরোধী জোটের চাপ সামলাতে হবে তাকে।
এদিকে, আইজেনকট নির্ধারিত সময়ের মধ্যে সরকার গঠন করতে ব্যর্থ হলে প্রেসিডেন্ট অন্য একজনকে এ দায়িত্ব দেবেন। দ্বিতীয় ব্যক্তিও ব্যর্থ হলে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্য তৃতীয় কাউকে মনোনীত করতে পারবেন।
তবে, শেষ পর্যন্ত কেউ সরকার গঠন করতে না পারলে ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে। সে পর্যন্ত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন নেতানিয়াহু।
২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইসরায়েলের সেনাপ্রধান ছিলেন আইজেনকট। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর প্রথম আট মাস নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভায় পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
এফপি/অ