মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের লক্ষ্য করে সম্ভাব্য হামলার তৎপরতা বাড়িয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলে মার্কিন নাগরিকদের হত্যার উদ্দেশ্যে ইরানের সম্ভাব্য ষড়যন্ত্র ‘উন্নত পর্যায়ে’ পৌঁছেছে বলে সতর্ক করেছেন দেশটির এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা।
বার্তা সংস্থা রয়টার্সের দেখা একটি স্মারকে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে। গত ২৩ অক্টোবর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে পাঠানো ওই স্মারকে বলা হয়, বিভিন্ন সূত্র থেকে পাওয়া গোয়েন্দা তথ্য অনুযায়ী, মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার প্রচেষ্টা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে ইরান।
সৌদি আরবে ইরান-সমর্থিত হুতি বাহিনীর হামলা বেড়ে যাওয়ার পর দেশটিতে নিজেদের কূটনৈতিক মিশনে কর্মীসংখ্যা কমানোর পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই নতুন এ গোয়েন্দা সতর্কতার তথ্য সামনে এলো।
প্রায় আট মাস ধরে চলা আঞ্চলিক সংঘাতের মধ্যে হুতিদের হামলার পাশাপাশি হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাও বেড়েছে। চলতি মাসের শুরুতে কয়েকটি সূত্র রয়টার্সকে জানায়, যুক্তরাষ্ট্র আবারও ইরানের ভূখণ্ডে বড় ধরনের সামরিক হামলা চালালে আরও কঠোর জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তেহরান।
গোয়েন্দা সতর্কতাসংক্রান্ত স্মারকটির একটি অনুলিপি সিআইএ পরিচালক জন র্যাটক্লিফের কাছেও পাঠানো হয়েছে। এর আগে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।
এদিকে গত বুধবার সৌদি আরবে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশন থেকে জরুরি নয় এমন দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর। মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি কূটনৈতিক মিশন থেকে কর্মীদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার পরিকল্পনাও রয়েছে ওয়াশিংটনের।
শনিবার সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইরাক ও ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের এক ডজনের বেশি দেশের জন্য ভ্রমণ সতর্কতা হালনাগাদ করে যুক্তরাষ্ট্র। এতে ইরান-সমর্থিত হুতি বাহিনীর হামলার ক্রমবর্ধমান ঝুঁকির কথা উল্লেখ করা হয়।
মার্কিন এক কর্মকর্তা জানান, নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে কূটনৈতিক মিশনগুলোতে কর্মী মোতায়েনের বিষয়ে নিয়মিত সিদ্ধান্ত নেওয়া হয়। হুতি বাহিনীর হামলার আশঙ্কা এবং মার্কিন কর্মকর্তাদের লক্ষ্য করে ইরানের সম্ভাব্য হামলার পরিকল্পনা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোর কর্মীসংখ্যা সমন্বয়ের সিদ্ধান্তকে প্রভাবিত করছে।
সূত্র: রয়টার্স
এফপি/মিব