Dhaka, Sunday | 25 October 2026
         
English Edition
   
Epaper | Sunday | 25 October 2026 | English
শিরোনাম:

ব্রাহ্মণবাড়িয়ায় ৯ রাউন্ড চায়না গুলিসহ যুবক গ্রেপ্তার

প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:৩৯ পিএম  (ভিজিটর : ৭)

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় একটি চার্জার ও ৯ রাউন্ড চায়না গুলিসহ শামিম মিয়া (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের জয়নগর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শামিম মিয়া উপজেলার বড়ঠুডা গ্রামের আল আমিন মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ডেকোরেশন শ্রমিক।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার উপজেলার খিরনাল গ্রামে একটি অনুষ্ঠানে লাইটিংয়ের কাজ শেষে বাড়ি ফেরার পথে জয়নগর বাজারের পাশে একটি চার্জার ও ৯ রাউন্ড চায়না গুলি পড়ে থাকতে দেখেন শামিম। পরে কৌতূহলবশত সেগুলো তুলে নিয়ে জয়নগর বাজারে যান তিনি।

এ সময় ওই এলাকার বাসিন্দা ও ছুটিতে বাড়িতে বেড়াতে আসা চট্টগ্রামে রিজার্ভ রেঞ্জ ফোর্স (আরআরএফ)-এ কর্মরত পুলিশ সদস্য মাহমুদুল হাসানের নজরে আসে চার্জার ও গুলিগুলো। তিনি শামিমের কাছে সেগুলো কোথায় পেয়েছেন জানতে চান। জবাবে শামিম জানান, খিরনাল গ্রামে লাইটিংয়ের কাজ শেষে ফেরার পথে রাস্তার পাশে এগুলো পড়ে থাকতে দেখে তুলে নিয়েছেন।

পরে মাহমুদুল হাসান বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানান। খবর পেয়ে কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার ও কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় একটি চার্জার ও ৯ রাউন্ড চায়না গুলি জব্দ করা হয় এবং শামিম মিয়াকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, জয়নগর এলাকায় বেড়াতে আসা পুলিশ সদস্য মাহমুদুল হাসান ওই যুবকের কাছে চার্জার ও গুলি দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে জরুরি সেবার মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো জব্দ করে এবং শামিম মিয়াকে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, এ ঘটনায় শামিম মিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝