সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, ‘হাসিনা ভারতে বসে বসে দেশে ফেরার দিবাস্বপ্ন দেখছেন। আমরাও ভারত সরকারকে বলেছি, তাকে বাংলাদেশে পাঠানোর জন্য। এ দেশের মানুষ তার কাছ থেকে সব গুম-খুনের হিসাব নেবে।’
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় নোয়াখালী হাতিয়ায় উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহবুবের রহমান শামীম বলেন, ‘ফ্যাসিস্টরা শ্রমিক আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। এখন বাসে আগুন দিচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে। তাদের এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের সজাগ ও সতর্ক থাকতে হবে।’
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নিষিদ্ধ সংগঠনের কেউ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে না। বিএনপির ত্যাগী ও জনপ্রিয় নেতাদের বিবেচনায় নিয়ে দল একক প্রার্থী মনোনয়ন দেবে। সবাইকে দলের মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের সিদ্ধান্ত অমান্য করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। হাতিয়ার ১১টি ইউনিয়নে বিএনপির প্রার্থীদের বিজয়ী করতে তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
পৌর বিএনপির সাবেক সভাপতি মোকাররম বিল্লাহ শাহাদাতের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির নেতা হাসিব মঈন উদ্দিন মাহমুদ, লুৎফুল্লাহিল মজিদ নিশান, আশিক ইকবাল, তানভির হায়দার, উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াছ, সদস্যসচিব ফাহিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সুমন তালুকদার, ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ ও সদস্যসচিব আব্দুল হালিম।
আলোচনা সভা শেষে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়।
এফপি/অ