Dhaka, Sunday | 20 September 2026
         
English Edition
   
Epaper | Sunday | 20 September 2026 | English
শিরোনাম:

ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান, আনসারের তৎপরতায় উদ্ধার ৯৮ হাজার রিয়াল

প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৬ পিএম  (ভিজিটর : ৪৮)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান করে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন এক আনসার সদস্য। তার তৎপরতায় ৯৮ হাজার সৌদি রিয়ালসহ দুবাইগামী এক যাত্রীকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া রিয়ালের বাংলাদেশি মুদ্রায় আনুমানিক মূল্য ৩২ লাখ ৩৪ হাজার টাকা।

রোববার (২০ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিকেল ৩টা ৫৫ মিনিটের দিকে বিমানবন্দরের হেভি লাগেজের ৪ নম্বর গেটে প্রবেশের সময় চেকিংকালে দুবাইগামী যাত্রী মোহাম্মদ হালিমের গতিবিধি সন্দেহজনক মনে হয় কর্তব্যরত আনসার সদস্য পিসি মো. নিজাম উদ্দিনের।

এ সময় বিষয়টি এড়িয়ে যেতে পিসি মো. নিজাম উদ্দিনকে টাকা দেওয়ার প্রস্তাব দেন ওই যাত্রী। তবে দায়িত্বের প্রতি অবিচল থেকে আনসার সদস্য প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন এবং তাৎক্ষণিকভাবে শিফটে দায়িত্বে থাকা উপজেলা প্রশিক্ষক ওমর ফারুককে বিষয়টি জানান।

খবর পেয়ে উপজেলা প্রশিক্ষক ওমর ফারুক ঘটনাস্থলে উপস্থিত হন। পরে পিসি মো. আলমগীর হোসেন ও আনসার সদস্য চঞ্চল সাদেক রানাকে সঙ্গে নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের উপস্থিতিতে ওই যাত্রীর মালামাল তল্লাশি করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে ৯৮ হাজার সৌদি রিয়াল উদ্ধার করা হয়।

পরবর্তীতে শিফট ইনচার্জ আটক যাত্রী ও উদ্ধার করা রিয়াল বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

আটক যাত্রী মোহাম্মদ হালিম (পিতা: জজ মিয়া) কুমিল্লার হোমনা উপজেলার শ্রীপুর গ্রামের বাসিন্দা।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থাপনায় দায়িত্ব পালনকালে ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান করে আনসার সদস্যের তাৎক্ষণিক পদক্ষেপ সততা, পেশাদারিত্ব ও কর্তব্যনিষ্ঠার দৃষ্টান্ত। গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝