প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৯ পিএম (ভিজিটর : ১৬)
ধর্ষণচেষ্টার অভিযোগে মুর্শেদ (৪৪)
জামালপুরের মাদারগঞ্জে নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে মুর্শেদ (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় সহযোগিতার অভিযোগে তার স্ত্রী ফুলেরা বেগম (৪১)-এর বিরুদ্ধেও মামলা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে কিশোরী বাদী হয়ে বাবা মুর্শেদ ও মা ফুলেরা বেগমের বিরুদ্ধে মাদারগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দেয়। পরে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। একই দিন বিকেলে উপজেলার সিধুলী ইউনিয়নের বীর লোটাবর বারোমাইশা এলাকার নিজ বাড়ি থেকে মুর্শেদকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে নিজেদের বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় কিশোরীর বাবা ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ। এ সময় কিশোরী চিৎকার করে বাধা দেওয়ার চেষ্টা করলে তার মা তাকে মারধর করেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
একপর্যায়ে কিশোরীর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে তিনি নানার বাড়িতে চলে যান। এর আগে ও ঘটনার পর তাকে ভয়ভীতি দেখানো হয়েছে বলে অভিযোগ করেন কিশোরী।
কিশোরীর অভিযোগ, এর আগেও তার বাবা তাকে যৌন হয়রানি করতেন। বিষয়টি মাকে জানালে তিনি বাবার পক্ষ নিয়ে তাকে চুপ থাকার জন্য ভয়ভীতি দেখাতেন।
এ ঘটনায় অভিযুক্ত বাবা ও মায়ের বক্তব্য পাওয়া যায়নি।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, কিশোরীর অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মামলায় কিশোরীর বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে জামালপুর আদালতে সোপর্দ করা হবে। মামলার অপর আসামি কিশোরীর মাকে গ্রেপ্তারে অভিযান চলছে।