নিরাপত্তাজনিত কারণে স্থগিত হওয়া পাকিস্তানি ব্যান্ড ‘কাভিশ’-এর কনসার্ট অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রায় ১০ মাস পর আগামী ২৬ সেপ্টেম্বর ঢাকায় আয়োজিত এই কনসার্টে কাভিশের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবে বাংলাদেশের জনপ্রিয় দুই ব্যান্ড ‘শিরোনামহীন’ ও ‘মেঘদল’।
শনিবার (১২ সেপ্টেম্বর) আয়োজক প্রতিষ্ঠান ‘প্রাইম ওয়েভ কমিউনিকেশনস’ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে কনসার্টের নতুন তারিখ ঘোষণা করেছে। আগের ‘ওয়েভ ফেস্ট: ফিল দিস উইন্টার’ নাম পরিবর্তন করে এবারের আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘ওয়েভ ফেস্ট: এনজয় দ্য ফুল মুন’। তবে নিরাপত্তাজনিত কারণে আপাতত কনসার্টের ভেন্যুর নাম প্রকাশ করেনি আয়োজকরা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছর যারা অগ্রিম টিকিট সংগ্রহ করেছিলেন, সেই টিকিট দিয়েই তারা এবারের কনসার্টে অংশ নিতে পারবেন। পাশাপাশি অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম ‘টিকিফাই’-এ নতুন টিকিট বিক্রি শুরু হয়েছে। সাধারণ টিকিটের মূল্য ২ হাজার ৯৯৯ টাকা এবং ভিআইপি টিকিটের মূল্য ৫ হাজার ৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
গতবছর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাভিসের সদস্যরা
উল্লেখ্য, কাভিশ, শিরোনামহীন ও মেঘদলকে নিয়ে গত বছরের ৫ ডিসেম্বর ঢাকায় কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে আয়োজকদের ভাষ্য অনুযায়ী, দেশের তৎকালীন সার্বিক পরিস্থিতি ও জননিরাপত্তার বিষয় বিবেচনায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়। এর আগে কাভিশ ঢাকায় পৌঁছালেও শেষ পর্যন্ত কনসার্টে পারফর্ম করতে পারেনি।
১৯৯৮ সালে জাফর জাইদি ও মাজ মাওদুদের হাত ধরে গড়ে ওঠা পাকিস্তানি ব্যান্ড কাভিশ দক্ষিণ এশিয়ার সংগীতপ্রেমীদের কাছে পরিচিত। ব্যান্ডটির জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘বাচপান’, ‘তেরে পেয়ার মে’, ‘মোরে সাইয়া’, ‘নিন্দিয়া রে’ ও ‘ফাসলে’।
এদিকে কনসার্টের দেশীয় দুই ব্যান্ডও সাম্প্রতিক সময়ে সংগীতাঙ্গনে সক্রিয় রয়েছে। সম্প্রতি ভারতের কলকাতায় ‘মেঘের সঙ্গে চাঁদের দেখা’ শীর্ষক কনসার্টে পশ্চিমবঙ্গের ব্যান্ড ‘চন্দ্রবিন্দু’র সঙ্গে পারফর্ম করেছে ‘মেঘদল’। এছাড়া কোক স্টুডিও বাংলায় ব্যান্ডটির নতুন গান ‘মুল্লুক’ প্রকাশিত হয়েছে। অন্যদিকে, নিয়মিত কনসার্টের পাশাপাশি সম্প্রতি ‘স্বপ্নের টিকিট’ শিরোনামে নতুন গান প্রকাশ করেছে ‘শিরোনামহীন’।
প্রায় ১০ মাস আগে স্থগিত হওয়া কনসার্টটি নতুন আয়োজনে পূর্ণিমার রাতে ঢাকার মঞ্চে কেমন সাড়া ফেলে, এখন সেটিই দেখার অপেক্ষা।