Dhaka, Saturday | 12 September 2026
         
English Edition
   
Epaper | Saturday | 12 September 2026 | English
শিরোনাম:

ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসছেন মিমি চক্রবর্তী, পাত্র কে?

প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৪ পিএম  (ভিজিটর : ২৫)
ফাইল ছবি

ফাইল ছবি

টালিউডে হঠাৎই ছড়িয়ে পড়েছে মিমি চক্রবর্তীর বিয়ের খবর। দীর্ঘদিন ধরেই অভিনেত্রীর অনুরাগীদের কৌতূহল—কবে বিয়ের পিঁড়িতে বসবেন মিমি? এবার সেই অপেক্ষার অবসান হতে চলেছে বলেই জোর চর্চা।

ঘনিষ্ঠ সূত্রের দাবি, আগামী ডিসেম্বরেই বিয়ের পরিকল্পনা করেছেন অভিনেত্রী। শীতের আমেজে শৈলশহরে বসতে পারে বিয়ের আসর।

ভেন্যু হিসেবে আপাতত কালিম্পংয়ের নামই শোনা যাচ্ছে। তবে বিয়ের খবরের পাশাপাশি সবচেয়ে বেশি কৌতূহল তৈরি হয়েছে মিমির জীবনসঙ্গীকে ঘিরে।

কে সেই ব্যক্তি, যাঁকে বেছে নিয়েছেন অভিনেত্রী?

এই জল্পনার মধ্যেই প্রকাশ্যে এসেছে হবু স্বামীর সঙ্গে মিমির একটি ছবি। ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, পূজার সময় বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডার মাঝেই সিদ্ধার্থের সঙ্গে ছবিটি তোলা হয়েছিল। ছবিতে দুজনকেই বেশ হাসিখুশি দেখা গেছে।

সূত্রের দাবি, মিমির হবু জীবনসঙ্গী চলচ্চিত্র জগতের কেউ নন। তিনি নৌবাহিনীতে কর্মরত। নাম সিদ্ধার্থ। যদিও বিয়ে নিয়ে এখন পর্যন্ত মিমি কিংবা সিদ্ধার্থ—কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। 

তবে ঘনিষ্ঠ মহলে কান পাতলে শোনা যাচ্ছে, পূজার আবহেই নাকি দুজনের সম্পর্ক আরো এক ধাপ এগিয়েছে।

শুধু সম্পর্কের খবরই নয়, বিয়ের প্রস্তুতিও নাকি শুরু হয়ে গেছে।

সূত্রের দাবি, বিয়ের কেনাকাটা থেকে শুরু করে নিমন্ত্রণপত্র বিলি—সবই চলছে জোরকদমে। হাতে সময়ও বেশি নেই, তাই প্রস্তুতিতে কোনো খামতি রাখতে চাইছেন না অভিনেত্রী।

মিমির ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের আগ্রহ অবশ্য নতুন নয়। দীর্ঘদিন ধরেই সমাজমাধ্যমে তাঁকে বিয়ে নিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। এতদিন বিষয়টি এড়িয়ে গেলেও সম্প্রতি এক অনুরাগীর প্রশ্নের জবাবে অভিনেত্রীর মন্তব্য নতুন করে জল্পনা উসকে দেয়। ফলে এবার সত্যিই কি ডিসেম্বরেই নতুন জীবনে পা রাখতে চলেছেন মিমি, সেই প্রশ্নই ঘুরছে টলিপাড়ায়।

জলপাইগুড়ির মেয়ে মিমি অভিনয়ে আসার আগে মডেলিং দিয়ে শোবিজে যাত্রা শুরু করেন। ২০১০ সালে ‘গানের ওপারে’ ধারাবাহিকে পুপু চরিত্রে অভিনয় করে দর্শকের নজরে আসেন তিনি। এরপর ২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক। পরে ‘বোঝে না সে বোঝে না’সহ একাধিক ছবিতে অভিনয় করে নিজের জায়গা পাকা করেন অভিনেত্রী।

অভিনয়ের পাশাপাশি ২০১৯ সালে রাজনীতিতেও পা রাখেন মিমি। ওই বছর যাদবপুর কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সাংসদ হন তিনি। বর্তমানে অবশ্য অভিনয় নিয়েই ব্যস্ত। পূজায় মুক্তি পাওয়ার কথা সৃজিত মুখোপাধ্যায়ের ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’। পাশাপাশি নতুন একটি ছবির শুটিংও শুরু করবেন তিনি।

পেশাগত ব্যস্ততার মধ্যেই যদি সত্যিই ডিসেম্বরের বিয়ের আসরে বসেন মিমি, তাহলে বছর শেষের আগেই তাঁর জীবনে যোগ হবে নতুন অধ্যায়।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝