Dhaka, Saturday | 12 September 2026
         
English Edition
   
Epaper | Saturday | 12 September 2026 | English
শিরোনাম:

শরীয়তপুরে নেশার টাকা না পেয়ে নিজেদের বসতঘরে আগুন

প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৫ পিএম  (ভিজিটর : ৪০)

শরীয়তপুরের নড়িয়ায় নেশা ও জুয়া খেলার টাকা না পেয়ে নিজেদের বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুই ভাইয়ের বিরুদ্ধে। 

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ঘড়িসার ইউনিয়নের সবুজবাগ এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে বসতঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে।

অভিযুক্ত দুই ভাই হলেন একই এলাকার নাসির বেপারীর ছেলে সোহান বেপারী ও ইমরান বেপারী। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নাসির বেপারীর ছোট দুই ছেলে সোহান ও ইমরান দীর্ঘদিন ধরে নেশা ও জুয়ায় আসক্ত। নেশা ও জুয়া খেলার জন্য প্রায়ই তারা বাবা-মায়ের কাছে টাকা চাইতেন। টাকা দিতে না পারলে বাবা-মাকে মারধর, বাড়িঘর ভাঙচুরসহ নানা ধরনের নির্যাতন করতেন বলে অভিযোগ রয়েছে।

পরিবারের সদস্যরা জানান, কিছুদিন আগে দুই ভাইকে দেওয়ার জন্য তাদের বাবা ৩০ হাজার টাকা কিস্তিতে ঋণ নেন। কিন্তু ওই টাকা দুই ভাই জুয়া খেলে ও নেশা করে শেষ করে ফেলেন। পরে কষ্ট করে সেই ঋণের কিস্তি পরিশোধ করেন তাদের বাবা।

সবশেষ শুক্রবার আবারও দুই ভাই তাদের বাবার কাছে ৫০ হাজার টাকা কিস্তিতে তুলে দেওয়ার দাবি করেন। টাকা না দিলে বসতঘরে আগুন ধরিয়ে দেওয়ার হুমকিও দেন তারা। পরে বাবা-মা টাকা দিতে অস্বীকৃতি জানালে নিজেদের থাকার ঘরে আগুন ধরিয়ে দেন।

পরে খবর পেয়ে নড়িয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।

নাসির বেপারীর বড় ছেলে আলআমিন বলেন, আমার ছোট দুই ভাই সবসময় বাবা-মায়ের সঙ্গে টাকার জন্য ঝামেলা করে। ওদের নেশার জন্য টাকা না দিলেই বাবা-মায়ের ওপর অত্যাচার করে, বাড়িঘর ভাঙচুর করে। কিছুদিন আগে ৩০ হাজার টাকা কিস্তিতে তুলে দিয়েছিলাম। ওরা সেই টাকা জুয়া খেলে আর নেশা করে শেষ করেছে। আজ আবার ৫০ হাজার টাকা চেয়েছে। বাবা টাকা দেবেন না বলায় বাড়িতে আগুন দিয়ে দিয়েছে। আমরা এখন এ থেকে কীভাবে মুক্তি পাব, সেই ব্যবস্থা করেন।

ঘটনার পর থেকেই অভিযুক্ত সোহান ও ইমরান পলাতক রয়েছেন।

এ বিষয়ে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল কাইয়ুম খান বলেন, আমরা ঘটনাটি শুনেছি। তারা নেশার টাকার জন্য নিজেদের ঘরে আগুন দিয়েছে বলে জানা গেছে। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা আগামীকাল থেকেই মাদকের বিষয়ে সর্বোচ্চ জায়গা থেকে ব্যবস্থা নেব।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝