ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভাবমূর্তি ও স্বচ্ছতা বজায় রাখতে দলমত নির্বিশেষে সবাইকে আইন ও বিধিমালা মেনে চলতে হবে বলে মন্তব্য করেছেন সংস্থাটির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রশাসক বলেন, নগরবাসীকে মানসম্মত সেবা প্রদান এবং সিটি করপোরেশনের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখা তাঁর অন্যতম অগ্রাধিকার। আইন ও বিধিমালার পরিপন্থী কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না।
তিনি বলেন, “সিটি করপোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান। এখানে নগরবাসীর সেবা প্রদানই আমাদের প্রধান কাজ। দীর্ঘদিন ধরে মানুষ বিভিন্ন সেবা নিতে এসে যে অনীহা বা অস্বস্তির মুখোমুখি হতো, তা দূর করে আমরা একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করছি।”
কর্মচারীদের অভ্যন্তরীণ তথ্য ফাঁস ও শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, “অফিসের গোপনীয় তথ্য ও আদেশ বাইরে পাঠানোর মতো অপকর্ম কোনোভাবেই বরদাশত করা হবে না। এ বিষয়ে ইতোমধ্যে তদন্ত চলছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে কঠোর আইনি ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”
ঠিকাদারদের কাজের গুণগত মান ও সরকারি বিধিবিধান অনুসরণের বিষয়ে প্রশাসক বলেন, যৌক্তিক ও বিধিসম্মত বিষয়গুলো বিবেচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। তবে অসৎ ও নিম্নমানের কাজ করা ঠিকাদারদের কোনো সুযোগ দেওয়া হবে না। বেআইনি কোনো দাবি মেনে নেওয়া হবে না বলেও তিনি স্পষ্ট জানান।
রাজনীতি ও জাতীয় প্রেক্ষাপট প্রসঙ্গে তিনি বলেন, গণতান্ত্রিক ধারা বজায় রেখে দেশে সুস্থ ও ইতিবাচক রাজনৈতিক চর্চা হওয়া প্রয়োজন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ স্মরণ করে তিনি বলেন, “আমরা যা বলব, তা বাস্তবে রূপায়ণ করাই আমাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত। মুখে নীতির কথা বলে কাজে ভিন্নতা রাখলে আদর্শ বাস্তবায়ন হয় না।”
শ্রমিক-কর্মচারীদের যৌক্তিক দাবি-দাওয়া প্রসঙ্গে প্রশাসক জানান, এসব দাবি সমাধানে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। তবে সবাইকে নিজ নিজ দায়িত্ব ও নিয়মের মধ্যে থেকে সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে হবে।
আলোচনা সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন জোনের প্রতিনিধি এবং জাতীয়তাবাদী শ্রমিক দল ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এফপি/মিব