Dhaka, Tuesday | 10 November 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 10 November 2026 | English
শিরোনাম:

কসবায় ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিতদের সংবাদ সম্মেলন

প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৭ পিএম আপডেট: ১০.১১.২০২৬ ৯:২১ পিএম  (ভিজিটর : ৯)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সদ্য ঘোষিত উপজেলা ও পৌর ছাত্রদলের আংশিক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। দাবি মেনে নেওয়া না হলে রেল ও সড়কপথ অবরোধসহ বৃহত্তর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে কসবা পৌর শহরের ফুড প্যালেস রেস্টুরেন্টের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তাঁরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন। লিখিত বক্তব্যে তিনি সদ্য ঘোষিত কমিটির কয়েকজন নেতার অতীত রাজনৈতিক কর্মকাণ্ড, বয়স, ছাত্রত্ব ও সাংগঠনিক পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন।

সাদ্দাম হোসেন অভিযোগ করেন, ঘোষিত কমিটিতে এমন কয়েকজনকে পদ দেওয়া হয়েছে, যাঁরা অতীতে ছাত্রলীগের বিভিন্ন মিছিল-মিটিংয়ে অংশ নিয়েছেন। তাঁদের সম্পৃক্ততার ছবি ও ভিডিওসহ বিভিন্ন তথ্যপ্রমাণ তাঁর কাছে রয়েছে বলেও দাবি করেন তিনি। এ সময় সাংবাদিকদের সামনে কিছু তথ্যপ্রমাণ উপস্থাপন করেন।

তিনি বলেন, এ কমিটি বহাল থাকলে দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ত্যাগী নেতাকর্মীরা বঞ্চিত হবেন এবং সংগঠন সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়বে। তাই অবিলম্বে ঘোষিত কমিটি বাতিল করে নির্যাতন, মামলা ও কারাবরণের শিকার ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে নতুন কমিটি গঠনের দাবি জানান তিনি।

পৌর ছাত্রদলের সভাপতি এনামুল হক আপেল ও সাধারণ সম্পাদক জুয়েল আহমেদের বিষয়ে আপত্তি তুলে সাদ্দাম হোসেন বলেন, তাঁদের অতীত ছাত্ররাজনৈতিক ভূমিকা, বয়স ও ছাত্রত্ব নিয়ে প্রশ্ন রয়েছে। জুয়েল আহমেদের বিরুদ্ধে অতীতে ছাত্রলীগের কর্মসূচিতে অংশ নেওয়া এবং টি আলী ডিগ্রি কলেজে ছাত্রলীগের পদপ্রার্থী হওয়ার অভিযোগও করেন তিনি। এসব অভিযোগের পক্ষে ছবি, ভিডিও ও মনোনয়ন ফরম রয়েছে বলে দাবি করেন সাদ্দাম।

এ ছাড়া পৌর ছাত্রদলের কয়েকজন সহসভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে থাকা নেতাদের বয়স, ছাত্রত্ব এবং অতীত রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও আপত্তি জানান তিনি। তাঁদের কয়েকজনের বিরুদ্ধে ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগ তোলেন।

পৌর ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে মাদক ব্যবসায় সম্পৃক্ততার অভিযোগ তুলে সাদ্দাম হোসেন বলেন, এ বিষয়ে ওই নেতার নিজের বক্তব্যের একটি কল রেকর্ড তাঁর কাছে রয়েছে। ওই নেতা ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন বলে স্বীকার করেছেন বলেও দাবি করেন তিনি।

সাদ্দাম হোসেনের অভিযোগ, ঘোষিত কমিটির বিভিন্ন পদে এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যাঁদের অতীত রাজনৈতিক কর্মকাণ্ড ছাত্রদলের আদর্শ ও সাংগঠনিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। তাই কমিটি পুনর্বিবেচনা করে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের আহ্বান জানান তিনি। অন্যথায় রেল ও সড়কপথ অবরোধসহ কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন পদবঞ্চিত নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কসবা পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক সহিদুল খাঁ, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব আরিফুল ইসলাম জুয়েল, সাবেক যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ ও বাবুল আহমেদ, কসবা টি আলী কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ফয়সাল আহমেদ, পৌর ছাত্রদলের সাবেক সদস্যসচিব মহসিন আলম এবং চারগাছ এন.আই. ভূঁইয়া কলেজের সাবেক সভাপতি শাহজালালসহ অন্য নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত ১ নভেম্বর কসবা উপজেলা ও পৌর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করে জেলা ছাত্রদল। ঘোষিত উপজেলা কমিটিতে সিরাজুল হক ইমুকে সভাপতি, শিমুল মিয়াকে সাধারণ সম্পাদক এবং সাদ্দাম খন্দকারকে সাংগঠনিক সম্পাদক করা হয়।

অন্যদিকে, পৌর ছাত্রদলের আংশিক কমিটিতে এনামুল হক আপেলকে সভাপতি, জুয়েল আহমেদকে সাধারণ সম্পাদক এবং জান্নাতুল বাকী হৃদয়কে সাংগঠনিক সম্পাদক করা হয়। কমিটি ঘোষণার পর থেকেই পদবঞ্চিত নেতাকর্মীরা তা বাতিলের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝