Dhaka, Tuesday | 10 November 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 10 November 2026 | English
শিরোনাম:

প্রযুক্তিতে দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে ডিপ্লোমা শিক্ষার প্রসার জরুরি: কেসিসি প্রশাসক

প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:৫১ পিএম  (ভিজিটর : ৩৪)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রযুক্তিনির্ভর বিশ্বে দক্ষ জনশক্তি গড়ে তোলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, প্রযুক্তি ছাড়া বর্তমান বিশ্ব কল্পনা করা অসম্ভব। তাই দেশে প্রযুক্তি বিষয়ে দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে হবে। এ জন্য ডিপ্লোমা শিক্ষার আরও সম্প্রসারণ প্রয়োজন।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে খুলনা নগরীর শিববাড়ী মোড়ে গণপ্রকৌশল দিবস-২০২৬ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কেসিসি প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কয়েক দিন আগে খুলনা ও মোংলা সফর করেছেন। এ সময় তিনি বন্ধ শিল্পকারখানা চালু করাসহ খুলনা ও মোংলায় নতুন শিল্পকারখানা গড়ে তোলার কথা বলেছেন। এর ফলে খুলনা আবারও শিল্পসমৃদ্ধ হয়ে উঠবে এবং তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

‘দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী উন্নত দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আইডিইবি খুলনা জেলা শাখা এ র‌্যালির আয়োজন করে। প্রশাসক বেলুন ও ফেস্টুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন। পরে তাঁর নেতৃত্বে র‌্যালিটি শিববাড়ী মোড় থেকে শুরু হয়ে শহীদ হাদিস পার্কে গিয়ে শেষ হয়।

এ সময় আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান প্রশাসক। র‌্যালিতে ডিপ্লোমা প্রকৌশলী, খুলনার সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

এদিকে, একই দিন আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উপলক্ষে খুলনায় আয়োজিত আরেকটি র‌্যালির উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। সকালে নগরীর সোনাডাঙ্গায় ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর কার্যালয়ের সামনে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আইসিএমএবি বিশ্বব্যাপী দিবসটি উদযাপনের অংশ হিসেবে খুলনায় এ র‌্যালির আয়োজন করে। র‌্যালিটি আইসিএমএবির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শিববাড়ী মোড়ে গিয়ে শেষ হয়। এতে প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

উল্লেখ্য, আধুনিক হিসাববিজ্ঞানের জনক লুকা প্যাসিওলির প্রতি সম্মান প্রদর্শন এবং হিসাববিজ্ঞান শিক্ষা ও পেশার গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর ১০ নভেম্বর আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালন করা হয়।

এফপি/মিব

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝