Dhaka, Tuesday | 10 November 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 10 November 2026 | English
শিরোনাম:

পলাশে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:৩১ পিএম  (ভিজিটর : ২৫)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নরসিংদীর পলাশে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুম মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ঘোড়াশাল-পলাশ বাইপাস সড়কের রিজেন্ট পাওয়ার প্লান্টের সামনে থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মাসুম মিয়া পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার গড়পাড়া এলাকার বাসিন্দা জাকির হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতের কোনো একসময় ঘোড়াশাল-পলাশ বাইপাস সড়কের রিজেন্ট পাওয়ার প্লান্টের সামনে বৈদ্যুতিক তার চুরির চেষ্টা করেন মাসুম। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

মঙ্গলবার সকালে সড়কের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেন। পরে পলাশ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং নিহতের পরিচয় শনাক্ত করে।

এ বিষয়ে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ঘোড়াশাল জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মনোয়ার হোসেন সুমন মুঠোফোনে জানান, যে বৈদ্যুতিক তারটি চুরির চেষ্টা করা হচ্ছিল, সেটি মনোহরদী উপজেলা লাইনের অংশ। ওই লাইনে বিদ্যুৎ সরবরাহ ছিল না। ধারণা করা হচ্ছে, তারটি মাটিতে পড়ে গিয়ে পলাশের ১১ কেভি বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসায় এ দুর্ঘটনা ঘটে।

পলাশ থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক তার চুরির চেষ্টা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝