Dhaka, Saturday | 12 September 2026
         
English Edition
   
Epaper | Saturday | 12 September 2026 | English
শিরোনাম:

তানোরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৮ পিএম  (ভিজিটর : ৭)

ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ শুরু হয়েছে। এর অংশ হিসেবে রাজশাহীর তানোরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কার্যক্রম শুরু করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তানোর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উদ্বোধনী কর্মসূচিতে যুক্ত হন। জাতীয় কর্মসূচিটি ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে।

তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক নাঈমা খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক শিব শংকর বসাক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদাক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ইন্সট্রাক্টর ইউপিইটিসি লুৎফে জাহান বেগম, উপজেলা সমবায় কর্মকর্তা নাদিম উদ্দিন, আবাসিক প্রকৌশলী অমিত হাসান আরিফ, ডিজিএম পল্লী বিদ্যুৎ রেজাউল করিম খান, সহকারী প্রোগ্রামার ইউআইটি আরসিই ও ব্যানবেইস মারুফ হাসান এবং এসএফডিএফের উপজেলা ব্যবস্থাপক রাজিব বর্মন।

এ ছাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান, তানোর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক তোফা, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান লিটন, পৌর ছাত্রদলের সভাপতি রনজু,  মুন্ডুমালা বিএনপির সাবেক সদস্য সচিব ফিরোজ কবির, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলমগীর হোসেন, সিনিয়র নায়েবে আমির মাওলানা আনিসুর রহমান, সাধারণ সম্পাদক ডিএম আক্কাস আলী, পৌর জামায়াতের সেক্রেটারি জুয়েল এবং ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাহাবুর রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, তানোর ও মুন্ডুমালা পৌরসভার কর্মচারী এবং ব্যবসায়ী নেতারা অংশ নেন।

পরে তানোর উপজেলা পরিষদ চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। একই সঙ্গে তানোর পৌরসভার গোল্লাপাড়া বাজার ও মুন্ডুমালা পৌরসভার মুন্ডুমালা হাট-বাজার এলাকায়ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন স্প্রে করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ডেঙ্গু প্রতিরোধে তানোর উপজেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এ ধরনের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম অব্যাহত থাকবে।

জাতীয় পর্যায়ের কর্মসূচির অংশ হিসেবে দেশের ৬৪ জেলা ও ৫০৩ উপজেলা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী আয়োজনে সংশ্লিষ্টরা যুক্ত হন। ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝