রংপুরের কাউনিয়ায় টাকা নিয়ে দুই ছেলের মধ্যে মারামারির ঘটনা দেখে মহির উদ্দিন (৫০) নামে এক মুদি দোকানির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার শহীদবাগ ইউনিয়নের গুলশান মোড় বাজারে নিজের মুদি দোকানের সামনে এ ঘটনা ঘটে।
মৃত মহির উদ্দিন শহীদবাগ বল্লভবিষু গ্রামের মৃত সফিউতউল্লাহর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মহির উদ্দিন কাউনিয়া বাজার থেকে দোকানের মালামাল কিনে নিজের দোকানে ফেরেন। এ সময় দোকানের সামনে তার দুই ছেলে মাইদুল ইসলাম (৩২) ও রশিদুল ইসলাম (২৮) মারামারিতে জড়িয়ে পড়েন। ঘটনাটি দেখে মোটরসাইকেলে থাকা অবস্থায় মহির উদ্দিন মাটিতে পড়ে যান।
পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
মহির উদ্দিনের পরিবারের সূত্রে জানা যায়, তিনি এর আগে দুইবার হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন। এ বিষয়ে তার চিকিৎসাও চলছিল। চিকিৎসকেরা তাকে হৃদ্যন্ত্রে রিং পরানোর পরামর্শ দিয়েছিলেন। তবে আর্থিক অসচ্ছলতার কারণে তা করা সম্ভব হয়নি। পরিবারের দাবি, দুই ছেলের মারামারি দেখে অসুস্থ মহির উদ্দিন ঘটনাস্থলেই হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান।
খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। কাউনিয়া থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ শিহাব উদ্দিন জানান, মহির উদ্দিনের দুই ছেলেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এফপি/র