গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটসহ ১৩ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এ তথ্য জানান কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি জানান, গত ২৮ সেপ্টেম্বর একটি ফিশিং বোট ১৩ জেলেসহ মাছ আহরণকালে সেন্টমার্টিনের ১২ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। পরবর্তীতে, ফিশিং বোটের একজন জেলে কোস্ট গার্ড জরুরি সেবা নম্বরে (১৬১১১) সহায়তা চান।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড উদ্ধার অভিযান চালিয়ে গভীর সমুদ্র এলাকা থেকে বিকল হওয়া বোটসহ ১৩ জেলেকে জীবিত উদ্ধার করে।
উদ্ধার জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাবার দেওয়া হয় এবং বোটসহ তাদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এফপি/অ