অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান।
বিজ্ঞানমনস্ক, যুক্তিবাদী ও অনুসন্ধিৎসু প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে গোপালগঞ্জে মাধ্যমিক পর্যায়ের ৪৫০ নারী শিক্ষার্থীকে নিয়ে ‘কসমোলজি: মহাবিশ্বের অনন্ত যাত্রা’ শীর্ষক বিজ্ঞানবিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত গোপালগঞ্জ পৌরসভা মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে জেলা শহরের বীণাপাণি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রায় ৪৫০ শিক্ষার্থী অংশ নেয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান।
সংলাপে মহাবিশ্বের উৎপত্তি ও বিবর্তন, মহাকাশের বিশালতা, কসমোলজির মৌলিক ধারণা, মহাকাশবিজ্ঞানের অগ্রযাত্রা, বৈজ্ঞানিক আবিষ্কার এবং আধুনিক প্রযুক্তির বিকাশ নিয়ে আলোচনা করা হয়। আকাশের রহস্য পর্যবেক্ষণ থেকে শুরু করে আধুনিক টেলিস্কোপ, মহাকাশযান ও উন্নত প্রযুক্তির মাধ্যমে মহাবিশ্ব সম্পর্কে মানুষের জ্ঞান অর্জনের বিভিন্ন ধাপও তুলে ধরা হয়।
এ সময় শিক্ষার্থীরা বিজ্ঞান ও মহাবিশ্ব নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। জেলা প্রশাসক এসব প্রশ্নের উত্তর দেন এবং বিজ্ঞানকে শুধু পাঠ্যবইয়ের বিষয় হিসেবে না দেখে প্রশ্ন করা, যুক্তি দিয়ে চিন্তা করা, পর্যবেক্ষণ ও প্রমাণের ভিত্তিতে সত্য অনুসন্ধানের পদ্ধতি হিসেবে গ্রহণের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মো. আরিফ-উজ-জামান বলেন, ‘জ্ঞান অর্জনের প্রথম ধাপ হলো কৌতূহল। আর কৌতূহলকে অনুসন্ধানে রূপ দিতে হলে প্রশ্ন করতে হবে, জানতে হবে এবং যুক্তি দিয়ে ভাবতে হবে।’
প্রশ্নপর্বে কৌতূহলী শিক্ষার্থীরা।
তিনি শিক্ষার্থীদের নিয়মিত বই পড়া, জ্ঞানচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় পরীক্ষায় ভালো ফলের পাশাপাশি যুক্তিবোধ, সৃজনশীলতা, সমস্যা সমাধানের দক্ষতা ও নতুন কিছু জানার আগ্রহ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বীণাপাণি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিভা বিশ্বাস বক্তব্য দেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মিজ শাহিনা নাছরিন, সহকারী কমিশনার মো. নাজমুল হক স্বপন ও ফারদিন খান প্রিন্স উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, বিজ্ঞানভিত্তিক চিন্তা, যুক্তিবোধ, সৃজনশীলতা ও নিয়মিত জ্ঞানচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান ও প্রযুক্তিনির্ভর বিশ্বের উপযোগী করে তুলতে এ ধরনের সংলাপ আয়োজন করা হচ্ছে।