Dhaka, Saturday | 17 October 2026
         
English Edition
   
Epaper | Saturday | 17 October 2026 | English
শিরোনাম:

খুবির এসডব্লিউই ডিসিপ্লিনের রজতজয়ন্তী ও অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ২:৩৭ পিএম  (ভিজিটর : ৬)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট (এসডব্লিউই) ডিসিপ্লিনের রজতজয়ন্তী ও অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) দিনব্যাপী এ আয়োজনে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা, র‍্যালি, আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


কর্মসূচির শুরুতে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় একাডেমিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাদি চত্বরে গিয়ে শেষ হয়। পরে অদম্য বাংলা প্রাঙ্গণে কেক কাটা হয়। দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, একটি ডিসিপ্লিনের ২৫ বছরের পথচলা কেবল সময়ের হিসাব নয়; এটি অসংখ্য মানুষের শ্রম, মেধা, স্বপ্ন, ত্যাগ ও সাফল্যের সম্মিলিত ইতিহাস। এ আয়োজন শেকড়ের টানে ফিরে আসা, স্মৃতিচারণ এবং পারস্পরিক বন্ধন সুদৃঢ় করার এক অনন্য উপলক্ষ।


তিনি আরও বলেন, অ্যালামনাইদের অভিজ্ঞতা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যৎ কর্মজীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় দিকনির্দেশনা দেবে। তাঁদের সাফল্য ও অবদান ডিসিপ্লিনের মর্যাদা বৃদ্ধির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ব্র্যান্ডিংকে সমৃদ্ধ করেছে। অ্যালামনাইদের অভিজ্ঞতা ও সহযোগিতা ডিসিপ্লিনের অগ্রযাত্রায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. গোলাম হোসেন এবং সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব খুলনা ইউনিভার্সিটির (সাকু) সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির ও সভাপতি মো. সাফায়েত হোসেন। সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ জাবের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাকুর সহসভাপতি মো. হুমায়ুন কবির।


অনুষ্ঠানে সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিন প্রতিষ্ঠায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রয়াত শিক্ষক প্রফেসর ড. মো. মিজানুর রহমান ভূঁইয়াকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়া শিক্ষা, গবেষণা, খেলাধুলা ও কর্মজীবনে বিশেষ অবদানের জন্য প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক নিপা অধিকারী ও সহকারী অধ্যাপক এস. এম. শাহরিয়ার জামান।


এ ছাড়া বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দুপুর ৩টায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এফপি/মিব

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝