Dhaka, Saturday | 17 October 2026
         
English Edition
   
Epaper | Saturday | 17 October 2026 | English
শিরোনাম:

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি গবেষণা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১:১৭ পিএম আপডেট: ১৭.১০.২০২৬ ১:৪০ পিএম  (ভিজিটর : ১৮)

দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি গবেষণার পরিধি আরও সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

একই সঙ্গে ভবিষ্যৎ জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) উচ্চবিদ্যালয় মাঠে ‘নিরাপদ খাদ্য উৎপাদন ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে বারির অবদান: বর্তমান অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা’ শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বারির প্রধান কার্যালয়ে পৌঁছালে রাষ্ট্রপতিকে স্বাগত জানান কৃষিমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, কৃষি মন্ত্রণালয়ের সচিব, গাজীপুর সিটি করপোরেশন ও জেলা পরিষদের প্রশাসক, গাজীপুরের জেলা প্রশাসক, গাজীপুর মহানগর পুলিশের কমিশনার, পুলিশ সুপার এবং ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। পরে বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে রাষ্ট্রপতি বারির জিন ব্যাংক পরিদর্শন করেন, একটি গাছের চারা রোপণ করেন এবং ইনস্টিটিউটের প্রযুক্তি প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

আলোচনা সভায় কৃষিবিজ্ঞানীদের অবদানের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি গবেষণার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণার কার্যক্রম জোরদার করার পাশাপাশি কৃষকদের ন্যায্য অধিকার ও উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন কৃষি এবং মৎস্য ও প্রাণি সম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি উৎপাদিত ফসলের যথাযথ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দেশের কৃষিকে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তোলার আহ্বান জানান।

বারির মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। ইনস্টিটিউটের পরিচালক (সহায়তা ও সেবা) ড. মো. মোশাররফ হোসেন মোল্লা বারির নিরাপদ খাদ্য উৎপাদন ও পুষ্টি নিরাপত্তায় অবদান, চলমান অগ্রগতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তথ্য-উপাত্ত ও উপস্থাপনা তুলে ধরেন।

অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা, কৃষিবিজ্ঞানী, বারির বিভিন্ন বিভাগ, কেন্দ্র ও শাখার জ্যেষ্ঠ বিজ্ঞানী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝