দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) রাতব্যাপী বিশেষ অভিযানে ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত এলাকা থেকে ৪১২ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা সিরাপের আনুমানিক জব্দমূল্য ১ লাখ ২৩ হাজার ৬০০ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর রাতে দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধীন মশালগাঁও ও মিনাপুর বিওপির সদস্যরা ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪১২ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, উদ্ধার করা সিরাপের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। তাঁদের শনাক্ত করা গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালানমুক্ত সীমান্ত গড়ে তুলতে বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ।
তিনি আরও জানান, সীমান্ত অপরাধ দমনে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে। এ লক্ষ্যে ভবিষ্যতেও বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হবে।
এফপি/মিব