বাংলাদেশের সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা রুনা খান ২০২৬ সালের মর্যাদাপূর্ণ র্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড পেয়েছেন। এশিয়ার অন্যতম সর্বোচ্চ সম্মাননা হিসেবে পরিচিত এ পুরস্কারের জন্য তাঁকে নির্বাচিত করেছে র্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন।
সোমবার (৩১ আগস্ট) ম্যানিলায় ফাউন্ডেশনের আয়োজিত অনুষ্ঠানে ২০২৬ সালের পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। ফাউন্ডেশনের ভাষ্য, বাংলাদেশের দুর্গম ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা, শিক্ষা, জলবায়ু অভিযোজন, জীবিকা ও সামাজিক অন্তর্ভুক্তিতে রুনা খানের দীর্ঘদিনের কাজ এ স্বীকৃতির মূল কারণ।
পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় রুনা খান এ সম্মান প্রান্তিক মানুষের পাশাপাশি ফ্রেন্ডশিপের মাঠপর্যায়ের কর্মী ও দীর্ঘদিনের সহযোগীদের উৎসর্গ করেছেন।
২০০২ সালে একটি ভাসমান হাসপাতাল দিয়ে ফ্রেন্ডশিপের যাত্রা শুরু করেন রুনা খান। বর্তমানে প্রতিষ্ঠানটি নদীভাঙনপ্রবণ চর, উপকূলীয় ও অন্যান্য দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবা, শিক্ষা, জলবায়ু সহনশীলতা ও জীবিকা উন্নয়নসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
ফাউন্ডেশন বলেছে, রুনা খানের নেতৃত্বে ফ্রেন্ডশিপ প্রান্তিক জনগোষ্ঠীকে সেবার আওতায় আনার পাশাপাশি তাদের মর্যাদা, সক্ষমতা ও অংশগ্রহণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এফপি/ফ