Dhaka, Tuesday | 25 August 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 25 August 2026 | English
শিরোনাম:

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সঙ্গে নিয়ে কাজ করছি

কেসিসি প্রশাসক

প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৭:১৯ পিএম  (ভিজিটর : ৫৩)

ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে নগরবাসীকে সঙ্গে নিয়ে কাজ করছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন, লার্ভিসাইড ও এডাল্টিসাইড প্রয়োগের পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে নগরের সোনাডাঙ্গা আবু বকর খান আদর্শ (রেজি.) প্রাথমিক বিদ্যালয়ে ডেঙ্গুসহ বিভিন্ন জ্বরে আক্রান্তদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এসব কথা বলেন।

কেসিসি প্রশাসক বলেন, ‘আমরা নগরবাসীকে নিরাপদ ও সুস্থ রাখতে চাই। সরকারের নির্দেশনা অনুযায়ী ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে কেসিসি ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।’ তিনি জানান, নগরবাসীকে সচেতন করতে প্রচার-প্রচারণা, পরিচ্ছন্নতা অভিযান জোরদার, ড্রেন-নর্দমা ও খাল পরিষ্কার এবং ফগার মেশিনের মাধ্যমে এডাল্টিসাইড প্রয়োগ করা হচ্ছে। পাশাপাশি ড্রেন ও নর্দমায় লার্ভিসাইড ছিটানো এবং ক্রাশ প্রোগ্রামও চলছে।

স্বল্প আয়ের মানুষের আবাসস্থলের কাছাকাছি স্থাপন করা এসব মেডিকেল ক্যাম্পে ডেঙ্গু জ্বরসহ বিভিন্ন জ্বরে আক্রান্ত নারী, পুরুষ ও শিশুদের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হবে বলে জানান তিনি।

পরে কেসিসি প্রশাসক রূপসা ভেড়িবাঁধ এলাকার হাজী আবু হানিফ মাদ্রাসা ও এতিমখানা এবং টুটপাড়া তালতলা মাতৃসদন হাসপাতালে স্থাপিত মেডিকেল ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন এবং পরিবারের কোনো সদস্য জ্বরে আক্রান্ত হলে বিনামূল্যে চিকিৎসা নেওয়ার আহ্বান জানান।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, ডেঙ্গু সংক্রমণের হার বিবেচনায় নগরের বিভিন্ন এলাকাকে রেড, অরেঞ্জ ও ইয়েলো জোনে ভাগ করা হয়েছে। এসব এলাকায় ক্রাশ প্রোগ্রামের আওতায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। বাড়ির আঙিনা অপরিচ্ছন্ন থাকা কিংবা এডিস মশার প্রজননস্থল পাওয়া গেলে জরিমানা করার পাশাপাশি বাড়ির মালিকদের সতর্ক করা হচ্ছে।

মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব মো. রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝