শিশুদের ধর্মীয় মূল্যবোধ ও মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারি টিপু। তিনি বলেন, ‘অশুভ শক্তিকে বিনাশ করতে সময় লাগলেও শেষ পর্যন্ত শুভ শক্তিরই জয় হয়। সমাজ থেকে মাদক, বাল্যবিয়ে ও দুর্নীতি উৎখাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
মঙ্গলবার দুপুরে নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ধনী বিবি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত ‘মাদকবিরোধী ও স্বাস্থ্য সুরক্ষা’ বিষয়ক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইকরামুল বারি টিপু বলেন, সুস্থ জাতি ও সুন্দর সমাজ গঠনে শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধের শিক্ষা দিতে হবে। আগামী প্রজন্মকে সুশিক্ষিত ও কর্মমুখী করে গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, মাদক, বাল্যবিয়ে ও দুর্নীতি সমাজের অগ্রগতির বড় বাধা। এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সমাবেশে বক্তারা মাদক ও বাল্যবিয়ের ক্ষতিকর দিক তুলে ধরে এসব প্রতিরোধে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। পাশাপাশি একটি শিক্ষিত, সুস্থ ও মানবিক জাতি গঠনে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তাঁরা।
অনুষ্ঠানে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. আমিনুল ইসলামসহ স্থানীয় অতিথিরা বক্তব্য দেন। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।
এফপি/ফ